
নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি পেয়ে শিল্পাঞ্চল আশুলিয়া থেকে হাজার হাজার পোশাক শ্রমিক ও কর্মজীবী মানুষ ভোট দিতে গতকাল সন্ধ্যার পর থেকে রওনা হয়েছেন নিজ নিজ গন্তব্যে। কিন্তু এই সুযোগটিকে কাজে লাগিয়ে গণপরিবহন গুলো গতকালকে থেকেই দ্বিগুন এমনকি তিনগুণ পর্যন্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া যায়। আজ সকাল থেকে যাত্রী সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার পর কিছুটা পরিবহন সংকট সৃষ্টি হয়। এ অবস্থায় যাত্রীদের নিকট থেকে দ্বিগুণ এমন কি তিনগুণ পর্যন্ত ভাড়া দাবী করে পরিবহন শ্রমিকরা। এতে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে আশুলিয়ার বাইপাইলে সাধারণ যাত্রীরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। ইতিমধ্যে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ যাত্রীগণ জানান, প্রতিবছর দুইটি ঈদে আমরা তিনগুণ ভাড়া দিয়ে বাড়িতে যাই ঈদ করতে। এবার সরকার ভোট দেওয়ার জন্য আমাদের আগে থেকে ছুটি দেওয়ায় আমরা আনন্দঘন পরিবেশে বাড়িতে যাচ্ছি ভোট দিতে। এ সময় পরিবহন শ্রমিকরা আমাদের নিকট দুই থেকে তিন গুণ ভাড়া দাবি করায় আমরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি।
রাউফুর রহমান পরাগ 










