
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘আলাদীনস্ হাসপাতাল ডায়াবেটিক সেন্টার’। এর মাধ্যমে ধামরাই ও এর আশেপাশের অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে জয়পুরা এলাকায় অবস্থিত আলাদীনস্ হাসপাতাল প্রাঙ্গণে এই আধুনিক ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
আলাদীনস্ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের এক মিলনমেলা ঘটে। বিশেষ অতিথি ও সম্মানিত উপস্থিতিদের মধ্যে ছিলেন,মোঃ নাজমুল হুদা খান (ভারপ্রাপ্ত কর্মকর্তা – ওসি, ধামরাই থানা),মোঃ সামছুল ইসলাম (সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি),মোঃ শাজাহান মিয়া (সভাপতি, কুল্লা ইউনিয়ন বিএনপি),মোঃ আবুল হোসেন (সভাপতি, সোমভাগ ইউনিয়ন বিএনপি),মোঃ আক্কাচ আলী (সাধারণ সম্পাদক, কুল্লা ইউনিয়ন বিএনপি),ফিরোজ কবির (আহবায়ক, স্বেচ্ছাসেবক দল),মোঃ সুজন (সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল)এছাড়াও চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাহ্জাবীন প্রিয়াংকা এবং প্রখ্যাত ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা ধামরাইবাসীর জন্য এই উদ্যোগকে একটি ‘বিশাল প্রাপ্তি’ হিসেবে উল্লেখ করেন,”ডায়াবেটিস এমন একটি নীরব ঘাতক যা মানুষের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। তাই সঠিক সময়ে রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। ধামরাইয়ের মানুষকে এতদিন এই চিকিৎসার জন্য ঢাকা কিংবা মানিকগঞ্জে গিয়ে ভোগান্তি পোহাতে হতো। এখন থেকে জয়পুরার আলাদীনস্ হাসপাতালেই অত্যন্ত কম খরচে আধুনিক ডায়াবেটিক সেবা পাওয়া যাবে।”
ডায়াবেটিক সেন্টারটির উদ্বোধন কেবল ফিতা কাটার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মাহ্জাবীন প্রিয়াংকা এবং ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
ঘরের কাছে এমন আধুনিক ও বিনামূল্যে চিকিৎসা পেয়ে এলাকার সাধারণ রোগীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আশরাফুল আলম 













