
ধামরাই উপজেলার কৃষান নগর এলাকায় গ্যাস লিকেজের কারণে একটি বাসাবাড়ির রান্নাঘরে অগ্নিবিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কৃষান নগর এলাকার বাদশা সাহেবের বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ হয়ে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে ছিল। পরে গ্যাসের চুলার সুইচ চালু করার সঙ্গে সঙ্গে হঠাৎ অগ্নিবিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘর এবং পাশের কক্ষের থাইগ্লাস ভেঙে যায় এবং ঘরের ভেতরের আসবাবপত্র ও দরজা ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রান্নাঘরের ভেতরের গ্যাস লাইনের রাইজার এবং বাইরের রাইজার বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আশরাফুল আলম 










