
আশুলিয়ার ভাদাইলে পোশাক শ্রমিক শাজাহানকে তুলে নিয়ে নৃশংসভাবে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাইপাইল বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পোশাক শ্রমিক শাজাহানকে ভাদাইল এলাকায় মারধর করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার সমর্থক ও স্বজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা হলেন মো. শরিফ, আরিফ মুন্সি, হিরন মিয়া ও কুরবান আলী। অভিযোগে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের কথাও উল্লেখ করা হয়েছে। শ্রমিক নেতাদের দাবি, অভিযুক্তরা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার আত্মীয়-স্বজন।
আহত পোশাক শ্রমিক শাজাহান ঢাকা রপ্তানি প্রক্রিয়া করণ এলাকার (ডিইপিজেড) এক্সপ্রেন্স ক্লোথিং কোম্পানি লিমিটেড নামের একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করেন।
এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক নেতারা বলেন, একজন পোশাক শ্রমিককে তুলে নিয়ে হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া সভাপতি মনসুর আলী, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাসুদ রানা সুলতানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত জড়িতদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের গ্রেপ্তার এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন থেকে শাজাহানের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রিপোর্টারের নাম 












