
ধামরাইয়ের সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের মেম্বারসহ দুই ব্যক্তির বিরুদ্ধে।
রবিবার সন্ধ্যায় (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামরাই থানায় সোমভাগ ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ দুই জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম।
অভিযোগে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, ২০২২ সালের ২২ জুন এলজিইডিতে কার্য সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে সোমভাগ ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ও মো. কামরুল হাসান খোকন তার কাছ থেকে চার লাখ টাকা নেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে ২০২৩ সালের ২০ জুন জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা চেকের মাধ্যমে ৫০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। বাকি সাড়ে তিন লাখ টাকা আর পরিশোধ করা হয়নি।
অভিযোগকারীর দাবি, পাওনা টাকা চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। গত (১৬ আগস্ট ) জাহাঙ্গীর আলমের বাড়িতে টাকা চাইতে গেলে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হয়ে পরে তিনি ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগটি তদন্ত করে টাকা উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে চাইলে তিনি টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, নিউজ করার দরকার নেই ভাই। আপনার কাছে গিয়েছে আমরা বসে মীমাংসা করে নেই। সে আমার কাছে টাকা পাবে, সত্য তবে এত টাকা নয়, ৭০ হাজার টাকা পাবে।
অভিযোগের বিষয়ে জানতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার 













