
সাভারে পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আব্দুল খালেক (৬৩) ও তার স্ত্রী মরজিনা বেগমকে (৫২) গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ২০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এর আগে একই দিন রাত সাড়ে ১০টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ রাকিব রায়হান (২৯) ও ফয়সাল আহম্মেদ (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে। ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে এসআই আব্দুল মুত্তালিব ও এসআই শাহাদাৎ হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 











