
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দীলিপ চন্দ্র মনি দাস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামসোনা ইউনিয়নের শ্রীপুর মোজার মিল রাজারটেক এলাকার সুপ্রিম জুট মিল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দীলিপ চন্দ্র মনি দাস ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ছোট ঋষিপাড়া এলাকার মৃত মনিন্দ্র চন্দ্র মনি দাসের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম-এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই মো. রিয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল সুপ্রিম জুট মিল রোড এলাকায় অভিযান চালায়।
এ সময় রফিক স্টোরের সামনে থেকে দীলিপ চন্দ্র মনি দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 










