
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের চরম গাফিলতিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ‘রাবেয়া পরিবহন’ নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস। দুর্ঘটনার তীব্রতায় বাসটি সড়কের পাশে থাকা উচ্চ ভোল্টেজের (মেইন ভোল্টেজ লাইন) বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত করে। তবে অত্যন্ত অলৌকিকভাবে বৈদ্যুতিক তার না ছিঁড়ায় এক বড় ধরনের বিপর্যয় ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন বাসভর্তি অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা না ঘটলেও বাসের চালক ও সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার ১০(জুলাই) শ্রীরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শ্রীরামপুর বাজারে প্রবেশের ঠিক সম্মুখভাগে মহাসড়কের আইল্যান্ডের মাথায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিন্ডার বোঝাই একটি গ্যাস উৎপাদন বা সরবরাহকারী ট্রাক মহাসড়কের নিয়ম অমান্য করে এবং চরম গাফিলতি দেখিয়ে হঠাৎ মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির দূরপাল্লার রাবেয়া পরিবহনের বাসটি ধাক্কা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের মেইন ভোল্টেজ লাইনের খুঁটিতে গিয়ে সজোরে আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যখন উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে, তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের ভেতরে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। খুঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভাগ্যবশত মেইন লাইনের বিদ্যুৎবাহী তারগুলো ছিঁড়ে বাসের ওপর পড়েনি। তার ছিঁড়ে গেলে বাসে থাকা সিলিন্ডার গ্যাস বা শর্ট সার্কিট থেকে মুহূর্তের মধ্যে পুরো বাসটিতে আগুন ধরে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
দুর্ঘটনায় বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে গেছে। এতে বাসের চালক এবং হেল্পার কেবিনের ভেতরেই গুরুতর আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তবে বাসের সাধারণ যাত্রীরা সবাই নিরাপদে আছেন, কেউ নিহত হননি।
দুর্ঘটনার পর বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে পড়ায় এবং নিরাপত্তার স্বার্থে শ্রীরামপুর ও এর আশপাশের বিশাল একটি অংশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে শ্রীরামপুরের একাংশ সারাদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।খবর পেয়ে পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান ও জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ সচল করার কাজ শুরু করেছে।
হাইওয়ে ও ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক খুঁটি ও তারের ঝুঁকি থাকায় এখনই বাসটি ক্রেন দিয়ে সরানো যাচ্ছে না। পল্লী বিদ্যুতের সংস্কার কাজ শেষ হওয়া মাত্রই দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে উদ্ধার করার কাজ শুরু হবে।
আশরাফুল আলম 











