“রাখবো চারপাশ পরিষ্কার, করবো ডেঙ্গু প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন) সকালে ধামরাই উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের পৃথক উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় স্থানীয় জনগণকে সচেতন করতেই মূলত এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
শনিবার সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ধামরাই পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
জনসচেতনতামূলক এই র্যালির নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো: আল মামুন।
র্যালিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,মো: রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার (ভূমি),আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার,গোলাম নবী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা
সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি,এছাড়াও উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: আল মামুন ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেন।
তিনি বলেন,”ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং এর থেকে বাঁচতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রথমে নিজেকে সচেতন হতে হবে, তারপর নিজের পরিবার ও প্রতিবেশীকে সচেতন করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হলেই কেবল ধামরাইকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব।”
তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ বা মশক নিধন স্প্রে দিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়, যদি না নাগরিকরা সচেতন হন। বাড়ির আঙিনা, ফুলের টব, ছাদ কিংবা যেকোনো পাত্রে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে কঠোর নজর রাখার আহ্বান জানান তিনি।
পৌর কর্তৃপক্ষ জানায়, সচেতনতামূলক এই র্যালির পাশাপাশি ধামরাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম জোরদার করা হবে। ঝোপঝাড় পরিষ্কার, নালা-নর্দমায় লার্ভিসাইড ছেটানো এবং ডেঙ্গু আক্রান্ত এলাকার ওপর বিশেষ নজরদারি বৃদ্ধি করা হবে। একই সাথে উপজেলার প্রতিটি ইউনিয়নেও চেয়ারম্যানদের মাধ্যমে এই সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বক্তারা ধামরাইয়ের সর্বস্তরের জনগণকে ডেঙ্গু প্রতিরোধে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার এবং পরিচ্ছন্নতা অভিযান সফল করার উদাত্ত আহ্বান জানান।
আশরাফুল আলম: 







