
ধামরাইয়ে সরকারি আইন অমান্য করে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় একটি অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার আইঙ্গন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:রিদওয়ান আহমেদ রাফি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। কিন্তু উপজেলার আইঙ্গন এলাকার কাদের অটো রাইস মিল আইন লঙ্ঘন করে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি জানান,পরিবেশ সুরক্ষায় এবং সরকারি আইন বাস্তবায়নে আমাদের এই পদক্ষেপ। পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আশরাফুল আলম : 










