
দেশে আবারও সক্রিয় হয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ‘ব্রিগেডিয়ার জেনারেল আলামিন’ পরিচয়ে ফোন করে তারা দাবি করছে, ভুক্তভোগী নাকি সেনাবাহিনীর একটি গ্রুপে আপত্তিকর মন্তব্য বা ভিডিও শেয়ার করেছেন।
এরপর “তদন্ত চলছে” বলে ভয়ভীতি সৃষ্টি করে তারা একটি ফিশিং লিংক পাঠায় এবং সেটিতে ক্লিক করতে চাপ প্রয়োগ করে। সরল বিশ্বাসে অনেকেই সেই লিংকে প্রবেশ করলে প্রতারকরা কৌশলে তাদের WhatsApp অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
অ্যাকাউন্ট দখলের পর ভুক্তভোগীর কনট্যাক্ট তালিকায় থাকা বন্ধু-স্বজনদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হয়, যা অনেক ক্ষেত্রেই আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সচেতন মহল বলছে, আইনশৃঙ্খলা বাহিনী কখনোই এভাবে ফোন করে বা লিংক পাঠিয়ে তদন্ত করে না। তাই অপরিচিত নম্বর থেকে আসা এমন কল বা মেসেজে সাড়া না দেওয়া, কোনো সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতারকের ব্যবহৃত মোবাইল নম্বর: ০১৮৭৮৯৯৮২৫৫।
সকলকে সতর্ক থাকার এবং এ ধরনের প্রতারণা সম্পর্কে অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়েছে।
মোঃ রবিউল ইসলাম সিয়াম : 










