
ঢাকা সাভারের আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ কাঁচা বাজার এলাকায় একটি আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাসের পাইপ লিকেজ থেকেই মূলত এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বুধবার ( ৫ আগষ্ট) দুপুর ১২টা ১২ মিনিট এ দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই অত্যন্ত দ্রুততার সাথে সাড়া দিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় ফায়ার সার্ভিস। ধামরাই ফায়ার স্টেশন থেকে স্টেশন অফিসার জনাব আল আমিন খানের সরাসরি নেতৃত্বে দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে আরও একটি ইউনিটসহ মোট তিনটি অগ্নিনির্বাপক ইউনিট অত্যন্ত দক্ষতার সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়।
ঘটনাস্থল ধামরাই ফায়ার স্টেশন থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত হলেও ফায়ার কর্মীদের সময়োপযোগী ও পেশাদার পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়দের দ্রুত তথ্য প্রদান এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে এই অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা এক বড় স্বস্তির বিষয়।
এই আকস্মিক দুর্ঘটনায় কাঁচা বাজারের আনুমানিক এক লক্ষ টাকার মালামাল ও সম্পত্তি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের বীরত্বপূর্ণ ও দ্রুত উদ্ধার অভিযানের কারণে আনুমানিক দুই লক্ষাধিক টাকার সম্পত্তি সম্পূর্ণ নিরাপদভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। জনবহুল এই কাঁচা বাজারে বড় ধরনের দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিস কর্মীদের এই সময়োপযোগী ভূমিকা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
আশরাফুল আলম 










