
ধামরাইয়ে সেন্ট্রাল স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত স্বপনের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনতা।
শনিবার দুপুরে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে নাহিদা হত্যার বিচার দাবি করেন।
বক্তারা বলেন, একজন কোমলমতি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনা পুরো ধামরাইবাসীকে স্তব্ধ করে দিয়েছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খুনি স্বপনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। পরে বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আশরাফুল আলম : 










