ঢাকা জেলার ধামরাই ও আশুলিয়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৮০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন উদ্ধারসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
৯ জুন রাত ৯টা ৩০ মিনিটে ধামরাই থানার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. সানোয়ার (৪০) ও লিটন (৪০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ২০ গ্রাম। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
১০ জুন ভোর ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. জহুরুল ইসলাম (২৮), মো. সাদ্দাম হোসেন (৩৫) এবং মো. জাহিদ মোল্লা (৪০)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পুড়িয়া হেরোইন (ওজন ৬০ গ্রাম), মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সানোয়ারের বিরুদ্ধে ২টি মাদক মামলা, জহুরুল ইসলামের বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ১টি মাদক মামলা পূর্বে রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা, মাদক পাচার এবং সংশ্লিষ্ট অপরাধ নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ রবিউল ইসলাম সিয়াম: 







