ধামরাইয়ের বালিথা এলাকায় অবস্থিত রাইজিং,AKH প্রায় পোশাক কারখানায় টানা লোডশেডিং ও জ্বালানি সংকটের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সকাল ৯টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পুরো কারখানায় কাজ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কারখানা সূত্রে জানা যায়, নিয়মিতভাবে প্রতি এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার দুই ঘণ্টা পর সাময়িকভাবে আসছে। এই অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে উৎপাদন ব্যবস্থায় চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত অর্ডার সময়মতো সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কারখানা কর্তৃপক্ষ।
অন্যদিকে, জেনারেটর চালু রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের সংকটও দেখা দিয়েছে। স্থানীয় পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল না থাকায় জেনারেটরও দীর্ঘ সময় ধরে চালানো সম্ভব হচ্ছে না। এতে গরম ও অস্বস্তিকর পরিবেশে শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়রা জানান, এর আগে এ ধরনের দীর্ঘ সময়ের লোডশেডিং এলাকায় দেখা যায়নি। হঠাৎ করে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শুধু পোশাক কারখানাই নয়, সাধারণ মানুষও দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে শিল্পাঞ্চল হওয়ায় উৎপাদন ব্যাহত হলে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বাড়ছে।
কারখানা সংশ্লিষ্টরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং জ্বালানি সংকট সমাধানের দাবি জানিয়েছেন, যাতে উৎপাদন কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু করা যায়।
আশরাফুল আলম : 











