
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে বিদেশী রিভলবার, ওয়ান শটারগান, গুলি ও ডাকাতির সরঞ্জামসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৪ এপ্রিল ভোর ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এবাদুল্লাহ মসজিদ–মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে মোঃ আফজাল হোসেন (৪৭) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশী রিভলবার, একটি বিদেশী ওয়ান শটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে কাঠের বাটসহ সিলভার রঙের রিভলবারটি পাকিস্তানে তৈরি বলে ধারণা করা হচ্ছে, যার গায়ে “MADE IN PAKISTAN” লেখা রয়েছে। অন্যদিকে ওয়ান শটারগানটিতে “BARMA” খোদাই করা রয়েছে।
ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির সরঞ্জামও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে একটি স্টিলের ধারালো ছোরা, একটি লোহার তৈরি ছোরা এবং একটি চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তার করে আসছিল।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আফজাল হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মোঃ রবিউল ইসলাম সিয়াম : 










