ঢাকা জেলার কেরানীগঞ্জ আর্মি ক্যাম্প পরিচালিত যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ আর্মি ক্যাম্প। এর আগে গত রাতে ইকুরিয়া বেপারী পাড়া এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এই সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম মোঃ আরমান।
সূত্র জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় রাত ০১১৫ ঘটিকা হতে ০৫৩০ ঘটিকা পর্যন্ত একটি সুপরিকল্পিত যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোঃ আরমান-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বাসা তল্লাশি করে দেশীয় ও বিদেশি মদের বোতল, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ফেনসিডিল- ১৩ পিস, ইম্পিরিয়াল হুইস্কি- ৫০ পিস, বিদেশি মদ- ২০ পিস।
এছাড়াও দেশীয় অস্ত্রের সংখ্যা হলো, রামদা – ০২টি , কাঁচি – ০১টি, চপাতি – ০২টি, হাসুয়া – ০২টি, চাইনিজ কুড়াল – ০১টি, কুড়াল – ০১টি, মডার্ন আয়রন স্টিক (লোহার লাঠি/রড) – ০১টি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করে।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।