প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৭:৩০ পি.এম
জাতীয় নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন কিভাবে ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট
pr.ecs.gov.bd–এর মাধ্যমে পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সব তথ্য দেওয়ার পর আবেদনকারীর মোবাইলে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। ওটিপি যাচাই হলেই নিবন্ধন সম্পন্ন হবে।
রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সাংবাদিক বা পর্যবেক্ষক হিসেবে কার্ডের জন্য আবেদন করতে হবে। স্থানীয় সাংবাদিকদের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে বর্তমান অবস্থানের তথ্য দিতে হবে। এজন্য বিভাগ, জেলা, নির্বাচনী আসন এবং উপজেলা বা থানার তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।
লগইনের পর প্রথম ধাপে আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গসহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে মিডিয়া প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান বাধ্যতামূলক। প্রয়োজন হলে নিবন্ধন প্রমাণপত্র ও সর্বশেষ পত্রিকার কপিও সংযুক্ত করতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে এবং সেই তালিকায় আবেদনকারীর নাম কত নম্বরে রয়েছে তা উল্লেখ করতে হবে।
গাড়ির স্টিকার প্রয়োজন হলে ‘হ্যাঁ’ অপশন নির্বাচন করে গাড়ির কাগজপত্রের তথ্য দিতে হবে, আর প্রয়োজন না হলে ‘না’ নির্বাচন করা যাবে।
আবেদনের শেষ ধাপে অফিস আইডি, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্র নির্ধারিত ঘরে আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিলে প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত একটি কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। কার্ডটি প্রিন্ট করে গণমাধ্যমকর্মীরা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন পাবেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.