প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৫:৪৫ পি.এম
সাভার ও আশুলিয়ায় ফুটপাত দখলে জনদুর্ভোগ চরমে, ঝুঁকিতে পথচারীর জীবন

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা হওয়ায় প্রতিদিন হাজারো শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীকে চলাচল করতে হয় এসব এলাকার প্রধান সড়ক ও ফুটপাত দিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে সাভার ও আশুলিয়ার অধিকাংশ ফুটপাত অবৈধ হকারদের দখলে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। হাঁটার জন্য নির্ধারিত ফুটপাত এখন দোকানপাটে ভরে যাওয়ায় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, হেমায়েতপুর, বাইপাইল, জিরাবো, আশুলিয়া বাজার, জামগড়া ও ডিইপিজেড এলাকায় ফুটপাত দখলের চিত্র সবচেয়ে ভয়াবহ। কোথাও কোথাও ফুটপাত পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আবার কোথাও অস্থায়ী দোকান, ভ্যানগাড়ি, ফলের দোকান ও খাবারের স্টলে পরিণত হয়েছে। ফলে শিশু, নারী ও বয়স্কদের চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
পথচারীরা জানান, অফিস বা কারখানায় যাতায়াতের সময় ফুটপাত ব্যবহার করতে না পেরে তাদের বাধ্য হয়ে ব্যস্ত সড়কে নামতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। বিশেষ করে ভোর ও সন্ধ্যার ব্যস্ত সময়ে যানবাহনের চাপ বেশি থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। অনেকেই অভিযোগ করেন, ফুটপাত দখলের বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
হকারদের সঙ্গে কথা বললে তারা জানান, জীবিকার তাগিদেই তারা ফুটপাত দখল করে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন। তাদের দাবি, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তারা অন্য কোথাও যেতে পারছেন না। তবে স্থানীয়দের মতে, সঠিক ব্যবস্থাপনা ও নির্ধারিত স্থানে হকার বসানো হলে একদিকে যেমন হকারদের জীবিকা রক্ষা হবে, অন্যদিকে পথচারীরাও স্বস্তিতে চলাচল করতে পারবে।
এদিকে ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালানো হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। কয়েকদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায় ফুটপাতগুলো। অনেকের অভিযোগ, অভিযান শেষে কিছু অসাধু ব্যক্তি সুযোগ নিয়ে আবার হকার বসতে সহায়তা করছে।
সচেতন মহল মনে করেন, ফুটপাত দখলমুক্ত করতে হলে শুধু উচ্ছেদ অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নির্দিষ্ট হকার জোন তৈরি, কঠোর নজরদারি এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। তা না হলে সাভার ও আশুলিয়ার ফুটপাত দখলের এই চিত্র আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.