প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১১:১২ এ.এম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর।
বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত সাভার নিউ মার্কেট থেকে সাভার পাকিজা ইউটার্ন পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৮০ থেকে ২০০ নেতাকর্মী অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন রাকিব, সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ এবং জাকসুর জিএস মাজহারুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরাজয়ের ভয়ে পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন স্থগিত করেছে। তারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করে কোনোভাবেই নির্বাচন বন্ধ রাখা যাবে না। দ্রুত সময়ের মধ্যে শাকসু নির্বাচন ঘোষণা না করা হলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা “আই হ্যাভ এ প্ল্যান, শাকসু ব্যান”, “শাকসু চাই, শাকসু চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.