সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জুয়া ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আটককৃতদের জুয়া ও চাঁদাবাজিতে লিপ্ত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল। সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে পরবর্তীতে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিত চক্রটি। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে জুয়া ও চাঁদাবাজির অভিযোগ করে আসছিল।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, নগদ অর্থ, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র, মোবাইল ফোনসহ ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃতদের ও উদ্ধারকৃত আলামত নিজেদের জিম্মায় নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অবৈধ জুয়া ও চাঁদাবাজি রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।