
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাব (ভি-ম্যাক)-এর উদ্যোগে ধামরাই বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ মাঠে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরামহীনভাবে এ ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হয়। এতে এলাকার নিম্ন আয়ের খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগিসহ বিভিন্ন পশু-পাখির বিনামূল্যে চিকিৎসাসেবা, টিকা, কৃমিনাশক ওষুধ এবং পশু-পাখির স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এ ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় খামারিরা তাঁদের পশু-পাখির চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। এ ধরনের উদ্যোগ খামারিদের সচেতনতা বৃদ্ধি, পশু-পাখির রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সহকারী অধ্যাপক ড. হিমাংশু সরকার, প্রভাষক ড. তাসলিমা খাতুন এবং জ্যেষ্ঠ প্রভাষক ড. শামসুর রহমান। এ ছাড়া ঘানা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের ভেটেরিনারি সার্জন ড. মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাবের (ভি-ম্যাক) সভাপতি তারেক জাহান আশিক এবং সাধারণ সম্পাদক মো. আনসারুজ্জামান সিয়াম।
এ সময় উপস্থিত ছিলেন আবুল বাশার কৃষি কলেজ, ধামরাই, ঢাকার সহকারী অধ্যাপক মোহাম্মদ মনজুরুল করিম এবং উক্ত ক্যাম্পেইনে সার্বিক ভাবে সহযোগীতা করেন মো: মনিরুল ইসলাম মনির,সমাজসেবা সম্পাদক
মঙ্গলবাড়ী অগ্রণী পরিষদ ক্লাব।
স্থানীয় পর্যায়ে বিনামূল্যে পশু-পাখির চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রম আয়োজনের মাধ্যমে প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে এলাকাবাসী ও খামারিরা ইতিবাচকভাবে দেখছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাঁদের।