শারদীয় দুর্গাপূজার ছুুটিতে স্বস্তির বদলে এবারও ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে নবীনগর-চন্দ্রা ও আশুলিয়া-বাইপাইল সড়ক। বিশেষ করে নবীনগর, পল্লী বিদ্যুৎ, জিরানী, বাইপাইল, জামগড়া ও আশুলিয়া এলাকার বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীরগতি এবং সড়কের নানা প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ রয়েছে। এর সঙ্গে পূজার ছুটিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।
সরেজমিন দেখা যায়, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের জন্য নবীনগর-চন্দ্রা ও আশুলিয়া-বাইপাইল সড়কের বিভিন্ন অংশে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচলে বাধা রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো, যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কের পাশে অবৈধভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখা এবং বিভিন্ন পয়েন্টে সড়কের জায়গা দখল করে কার্যক্রম চালানোর কারণে তৈরি হচ্ছে ধীরগতি। অন্যদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কেও একই চিত্র।
পূজার ছুটিতে শিল্পকারখানা বন্ধ হলে সাভার ও আশুলিয়ার হাজার হাজার শ্রমিক পরিবারের সদস্যদের নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে রওয়ানা হবেন। উত্তরবঙ্গের পাশাপাশি দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরাও এসব সড়ক ব্যবহার করবেন। ফলে একই সময়ে কয়েকটি রুটে যানবাহনের চাপ বাড়তে পারে।
দূর্গা পূজার ছুটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত ভাঙাচোরা রাস্তাগুলো সংস্কার এবং সড়কের দুই পাশে অবস্থিত হকার উচ্ছেদ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন সাভার ও আশুলিয়ার সর্বসাধারণ।