সাভারের বেড়াইদ এলাকায় আলী জান (৭০) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আলী জানের জামাতা মোঃ হাবিব বাদী হয়ে সাভার মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন, বাবুল মিয়া (৫০), আলিফ (৪০), তসলিম (৫৫), ইয়াছিন (৪৮), লাল চান (৪৫), জাবেদ (৩৮), ফারুক (৪৮), মোস্তফা (৫৬), আজিজ (৬০), শামীম (৫৫), সাইফুল (৪০) ও সোহাগ (৪০)।
লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সোয়া ৮ টার দিকে বেড়াইদ পূর্বপাড়া জামে মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার সময় আলী জানকে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে মারধর করেন। পরে তাকে একটি অফিসে নিয়ে গিয়ে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।