বরিশাল সদর উপজেলার একটি বাড়িতে মাদকের আসর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন থানা হেফাজত থেকে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা থেকে তিনি পালিয়ে যান। তবে ঘটনাটি জানাজানি হয় সন্ধ্যার দিকে।
এর আগে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন, এক নারীসহ চারজনকে আটক করা হয়।
অভিযানকালে ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা এবং ডোপ টেস্টের জন্য এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হেফাজতে দেওয়া হয়।
আটক অন্য তিনজন হলেন বাগেরহাটের ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়া এলাকার আবু সাঈদ মোল্লার ছেলে নাহিদ হাসান (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মৃত এম এ বারির ছেলে মো. মিরাজুল ইসলাম (৩৪) এবং বরিশাল নগরীর কাউনিয়া থানার পলাশপুর এলাকার হেমায়েত গাজীর মেয়ে ফাতেমা আক্তার নুরজাত (৩০)।