সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে হলমার্ক গ্রুপের সরকারি জব্দকৃত কারখানার অভ্যন্তরে পুরাতন ব্যাটারি আগুনে পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদন এবং বিষাক্ত চামড়া পুড়িয়ে পশুখাদ্য প্রস্তুতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি কারখানার মোট ৭টি চুল্লি ভেঙে দিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় অবস্থিত হলমার্ক গ্রুপের পরিত্যক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নামবিহীন একটি ব্যাটারি ভেঙে সিসা উৎপাদনকারী কারখানার ৫টি চুল্লি এবং বিষাক্ত চামড়া পুড়িয়ে পশুখাদ্য প্রস্তুতকারী একটি কারখানার ২টি চুল্লি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে কারখানা দুটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন।
এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশ পুলিশের একটি বহর উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম জানান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।