গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মজিদচালা এলাকায় একটি খামার থেকে চুরি করা হয়েছে এমন অভিযোগে ৫টি গরু উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নারীসহ ৩জনকে আটক করে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিক এখনো শনাক্ত না হওয়ায় সেগুলো বর্তমানে কালিয়াকৈর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার বীরগঞ্জ থানার দোলতপুর এলাকার মৃত ইউনুস মণ্ডলের ছেলে মুজিবুর রহমান (৪৫), তার মেয়ে রোজিনা আক্তার (২৫) সাভারের রাকেশচর এলাকার মৃত বরকতের মেয়ে সালমা আক্তার (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের গ্রামের বাড়ি মজিদচালা এলাকায়। সেখানে তার একটি খামার রয়েছে। ওই খামারকে কেন্দ্র করে চোরাই গরুর কেনাবেচা হয়ে আসছে এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে ছিল।
গত ৩০ আগস্ট বিকেলে ওই খামার থেকে ৫টি গরু বিক্রির চেষ্টা করা হচ্ছে এমন খবর পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ অভিযান চালিয়ে ৫টি গরু উদ্ধার করে। এ সময় গরুগুলোর বিষয়ে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মুজিবুর রহমান, রোজিনা আক্তার ও সালমা আক্তারকে আটক করা হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়। পরে আটক ৩জনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে উদ্ধার হওয়া ৫টি গরুর প্রকৃত মালিক এখনো শনাক্ত না হওয়ায় সেগুলো দীর্ঘদিন ধরে থানার হেফাজতে রাখার বিষয়টি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যেও চাপ তৈরি হয়েছে বলে জানা গেছে। গরুগুলোর খাবার, পরিচর্যা ও নিরাপত্তার বিষয়টিও পুলিশের জন্য অতিরিক্ত দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গরুর উদ্ধারের পর থেকে বেকায়দায় পড়েছে পুলিশ। গরু গুলোকে লালন পালন করা এখন অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।