আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় জরুরি ফোন করার কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মুঠোফোন নেওয়ার পর তাকে অজ্ঞান করে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে তাকে পলাশবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী রাশিদুল ইসলাম রুশো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, টিউশনে যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ এলাকায় এক ব্যক্তি জরুরি ফোন করার কথা বলে তার কাছে মুঠোফোন চান। সরল বিশ্বাসে ফোনটি দেওয়ার পর ওই ব্যক্তি কিছুটা দূরে সরে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান করা আরও কয়েকজন তার সঙ্গে যোগ দেন বলে অভিযোগ করেন রুশো।
এরপর একটি স্প্রে ব্যবহার করে তাকে অজ্ঞান করা হয় বলে দাবি করেন তিনি। পরে তাকে পলাশবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি তার মুঠোফোন, মানিব্যাগ ও হাতঘড়ি নিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।
একপর্যায়ে তার কাছে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে ছেড়ে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন রুশো। পরে এক বন্ধুর কাছ থেকে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। একই সঙ্গে মুঠোফোন ফেরত চাওয়ার পর তাকে আরও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেছেন তিনি।