সাভারের আমিনবাজারে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছোট ছেলে মো. আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জহিরুল ইসলাম নামে একটি প্রাইভেটকারের চালক ও মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে আমিনবাজার এলাকা থেকে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে।
এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন ঢাকার একটি জোনে এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজার এলাকায় তাঁর জমি ও একটি কারখানা রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাস্থলের তথ্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।