সাভারের আমিনবাজার এলাকায় এক বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য মো. আলতাফ হোসেন (৬০) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আমিনবাজার এলাকায় একটি রিকশাকে প্রাইভেটকারের ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গেলে এ হামলার শিকার হন আলতাফ হোসেন।
নিহত আলতাফ হোসেন ঢাকা মালিবাগে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে তিনি সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে রিকশা ও ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। ঘটনাটি দেখে কাছেই থাকা আলতাফ হোসেন এগিয়ে গিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের বেপরোয়া আচরণের প্রতিবাদ করেন।
একপর্যায়ে প্রাইভেটকারে থাকা ৪ থেকে ৫ জন যুবক তার ওপর হামলা চালায়। পরে আরও কয়েকজন ঘটনাস্থলে এসে তাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সাইফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।