
‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জনকারী ২৪২ জন কৃতি প্রাথমিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এক বর্ণাঢ্য ও উৎসাহব্যঞ্জক আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দিয়ে সংবর্ধিত করা হয় ঢাকা জেলা চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল দল, কাবাডি বালিকা দল এবং সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কৃতি শিক্ষার্থীদের। এছাড়া গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন এবং জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অধিকারকারী বালিকা দলের খেলোয়াড়দেরও বিশেষভাবে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনকে ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নিতে তাদের মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। বক্তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, বরং সঠিক পরিচর্যা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এটিকে পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের ও পরিবারের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি মজবুত করা সম্ভব। ক্ষুদে এই ক্রীড়াবিদদের সাফল্যের এই ধারা ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ধামরাই তথা বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।