আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অবস্থিত ‘অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানা থেকে ছুটির মধ্যেই ৫৬৫ জন শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কারখানায় নোটিশ টাঙিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ৮ আগস্ট থেকে এই ছাঁটাই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা ওই নোটিশে বলা হয়—বৈশ্বিক ও অভ্যন্তরীণ মন্দা, প্রয়োজনীয় ব্যাংকিং সহযোগিতার অভাব এবং কাঙ্ক্ষিত কার্যাদেশ (অর্ডার) কমে যাওয়ার কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে কারখানার অস্তিত্ব রক্ষায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ২০ ধারা অনুযায়ী শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
তবে নোটিশে আরও জানানো হয়, শ্রম আইনের ২০(২) ধারা অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের যাবতীয় আইনি পাওনা ও ক্ষতিপূরণ নির্ধারিত সময়ে পরিশোধ করা হবে। এ ছাড়া ২১ ধারা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে পুনরায় শ্রমিক নিয়োগ দেওয়া হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
এদিকে কারখানার ছুটির দিনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ছাঁটাইয়ের এমন খবর পেয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ শ্রমিকরা।