জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সাভারে অনুষ্ঠিত হয়েছে 'জুলাইয়ের লেন্স' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সাভারের ব্যাংক কলোনি দেওয়ান ইদ্রিস ভিলা প্রাঙ্গণে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, ঢাকা-১৯-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেজুতি হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। আলোকচিত্র ইতিহাসকে জীবন্ত করে রাখে। এই প্রদর্শনী ভবিষ্যৎ প্রজন্মকে সেই সময়ের বাস্তবতা উপলব্ধি করতে সহায়তা করবে।"
সভাপতির বক্তব্যে সেজুতি হোসাইন বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজনে ধারণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রধান আলোচক অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় ও তরুণ সমাজকে ইতিহাস সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, "একটি জাতির স্মৃতি যত শক্তিশালী হয়, তার গণতান্ত্রিক ভিত্তিও তত সুদৃঢ় হয়।"
অনুষ্ঠানে প্রদর্শিত আলোকচিত্রগুলোতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন মুহূর্ত, জনতার অংশগ্রহণ, প্রতিবাদ, মানবিক সহমর্মিতা এবং আন্দোলনের নানা অনুষঙ্গ স্থান পায়। উপস্থিত দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখে আলোকচিত্রীদের কাজের প্রশংসা করেন।
আলোচনা শেষে 'জুলাইয়ের লেন্স' আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী নির্বাচিত আলোকচিত্রীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করেন প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, আলোকচিত্রী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চর্চা আরও জোরদার করবে।