ঢাকা জেলার সাভারের বিরুলিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকায় অভিযান চালিয়ে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের একটি টিম তাদের গ্রেফতার করে!
গ্রেফতারকৃতরা হলেন— আকরান এলাকার চিহ্নিত মাদক কারবারি হৃদয় মন্ডল এবং রাজিব। পুলিশ জানায়, গ্রেফতারকৃত হৃদয় মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদক মামলা রয়েছে। অপর আসামি রাজিবের বিরুদ্ধেও একাধিক মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিরা আকরান ও তার আশপাশের এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল। মাদক কারবারের মাধ্যমে তারা তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযানে তারা আইন প্রয়োগকারী সংস্থার জালে ধরা পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ আল-আমিন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ তথা পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজকে বিষিয়ে তোলার অপচেষ্টা যারাই করুক না কেন, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না।"
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, "মাদকের সাথে জড়িত সবাই সাবধান হয়ে যান। কারা এদের মদদ দিত এবং নিয়মিত হাজিরা দিত, সেই তালিকা ইতোমধ্যে আমাদের হাতে এসেছে। খুব দ্রুতই তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।"
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।