টানা কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাভার পৌরসভার জনজীবন। পৌর এলাকার অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তির চিত্র দেখা গেছে ব্যাংক কলোনি এলাকায়, যা 'স্কুলের শহর' নামে পরিচিত। এলাকাটিতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় জলাবদ্ধতার প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমেও।
হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে সড়কগুলো। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে উপস্থিতির হার কমে গেছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে বৃষ্টির পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এই জলাবদ্ধতার সমস্যা বিদ্যমান থাকলেও এখনো এর স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত খাল-নালা সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। ফলে প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগ তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সাভার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তবে এলাকাবাসীর প্রত্যাশা, সাময়িক উদ্যোগ নয় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে সাভার পৌরসভার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। তাহলেই প্রতি বর্ষায় দুর্ভোগ থেকে মুক্তি মিলবে হাজারো মানুষের।