
গ্রীডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ০৯ জুলাই (বৃহস্পতিবার) ঢাকার ধামরাই উপজেলার একটি বড় অংশে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন ধামরাই জোনাল অফিস এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই গ্রীডের জরুরি টেকনিক্যাল ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে আগামীকাল সকাল ০৮:০০ ঘটিকা থেকে বিকেল ০৫:০০ ঘটিকা পর্যন্ত ধামরাই জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
গ্রাহকদের আগাম প্রস্তুতির সুবিধার্থে এবং আকস্মিক ভোগান্তি এড়াতে ধামরাই জোনাল অফিসের পক্ষ থেকে ইতোমধ্যেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার (SMS) মাধ্যমেও এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়েছে।
ধামরাই জোনাল অফিসের একজন কর্মকর্তা জানান, বর্ষা ও গরমের মৌসুমে নিরবচ্ছিন্ন ও ঝুঁকিমুক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। কারিগরি কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে বিকেল ৫টার আগেই বিদ্যুৎ সংযোগ সচল করার চেষ্টা করা হবে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (ধামরাই জোনাল অফিস) কর্তৃপক্ষ। একই সাথে আগামীকাল সকালের আগেই গ্রাহকদের প্রয়োজনীয় পানির পাম্প চালানো বা অন্যান্য জরুরি কাজ সেরে রাখার অনুরোধ জানানো হয়েছে।