ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী এবং দুইজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (৪ জুলাই) রাতে আশুলিয়ার গণকপাড়া ও শ্রীপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে গণকপাড়া এলাকা থেকে আসাদুজ্জামান আকাশ (২৬), মাসুদ রানা (৩৪) ও নাজমুল (৩৩) নামে তিনজনকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৬ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
পরে শ্রীপুর এলাকায় পৃথক অভিযানে হুমায়ন তালুকদার ওরফে আকাশ (৩৮) ও সুজন রানা (৩৫) নামে দুইজনকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আকাশের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা এবং হুমায়ন তালুকদারের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপর দুইজনকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।