ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ও শুক্রবার (৪ জুলাই) রাতে আশুলিয়া ও নরসিংহপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে আশুলিয়া এলাকা থেকে ওবায়দুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে নরসিংহপুর এলাকায় পৃথক অভিযানে শামীম হোসেন (৩৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ৯২ পিস ইয়াবার ওজন ৯.২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ৬০০ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।