জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ল্যাব অ্যাটেনডেন্ট সজিব প্রামানিককে মারধরের পর পাঁচতলা ভবন থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৯ জুন দিবাগত রাত আনুমানিক আড়াইটায় রাজধানীর উত্তরার একটি বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ জুন দিবাগত রাতে সজিবের বাবা মো. মুন্নাফ প্রামানিক বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী সজিব প্রামানিকের সঙ্গে শাহজাদি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত ১৮ জুন স্ত্রীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সজিব উত্তরায় শ্বশুরবাড়িতে যান। এ সময় স্বর্ণালঙ্কার কেনার জন্য সঙ্গে নেওয়া নগদ পাঁচ লাখ টাকা তিনি তার শ্যালক শাহাদত হোসেনের কাছে আমানত হিসেবে রাখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।