সাভারে আনন্দপুর ল্যাবরেটরি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া, বিদায় সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে পৌরসভার ব্যাংক কলোনি এলাকার কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খালেদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মুসলিম উদ্দিন ফকির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সদস্য অধ্যক্ষ মো. লুৎফর রহমান খান, মো. জয়নাল আবেদীন, ইসমাঈল হোসেন বাবু, মো. আলিনুর হোসেন শাওন, মো. জুলফিকার আনসারী ও উম্মে তাসলিমাসহ কলেজের অন্যান্য উদ্যোক্তা সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির পক্ষ থেকে বিদায়ী মানপত্র পাঠ করেন শিক্ষার্থী অদ্রি। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিজ্ঞান বিভাগের মার্জিয়া খানম মলি এবং মানবিক বিভাগের কেয়া আক্তার কলেজজীবনের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের মেধা পুরস্কার, বৃত্তি ও ক্রেস্ট প্রদান। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কেয়া আক্তারকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া শিক্ষাবর্ষের ফলাফলের ভিত্তিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ‘মেধা পুরস্কার-২০২৬’ তুলে দেওয়া হয়।
পরে দ্বাদশ শ্রেণির প্রতিটি বিদায়ী শিক্ষার্থীর হাতে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কলম, ফাইল, রাবার, পেন্সিল ও পরীক্ষার রুটিন উপহার হিসেবে তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।