ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (১৯ জুন) রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে বিল্লাল হোসেন (৩২), মুত্তাকিন (৫০) ও বিউটি খাতুন (৩০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।