প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৩:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৬:০৪ পি.এম
লাশবাহী গাড়ি নিয়ে সাভারে বিক্ষোভ: ঘাতক রনির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাভারে নির্মমভাবে খুন হওয়া রিয়া হত্যার বিচার এবং মূল হত্যাকারী রনির ফাঁসির দাবিতে লাশবাহী গাড়ি নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে সাভারের ছায়াবীথি এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে নিহতের স্বজনদের আহাজারি এবং এলাকাবাসীর ক্ষোভের মুখে ছায়াবীথি এলাকার প্রধান সড়কে চরম উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, রিয়াকে অত্যন্ত নির্মম ও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত রনি পলাতক রয়েছে। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধনে কান্নায় ভেঙে পড়ে নিহতের মামা সাদ্দাম হোসেন বলেন, আমাদের মেয়েকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে। আমরা হত্যাকারী রনির দ্রুত গ্রেপ্তার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। প্রশাসন যদি দ্রুত খুনিকে গ্রেপ্তার না করে, তবে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"
বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার বেশ কিছু সময় পার হয়ে গেলেও মূল আসামি এখনো গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নিহতের পরিবার।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.