প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ৫:২২ পি.এম
আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় পৃথক তিনটি অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)। অভিযানে অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে ৫ জুন ২০২৬ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আজিজুল হক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪৮ হাজার টাকা।
একই দিন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মো. কামরুল হাসান নাহিদ (২৭)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পরে রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. নুর আলম হোসেন স্বাধীন ওরফে বিদ্যুৎ (৩৮)-কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.