প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ৬:৪১ পি.এম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযান, ৫০০ পুড়িয়া হেরোইন ও ৩০০ ইয়াবাসহ ৬ জন গ্রেফতার

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ মে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়া থানার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে মোবারক বেপারী (৩৫) ও হাসমত মিয়া (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
পরে ২২ মে রাত ১টা ৩৫ মিনিটে সাভার মডেল থানার রাজাশন এলাকায় পৃথক অভিযানে শেখ মহিউদ্দিন আজম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে জুনায়েত (২৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
অপরদিকে ২১ মে রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়ার কুরগাঁও এলাকায় পৃথক অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের দুই সদস্য— মিজানুর রহমান (৩০) ও শাকিল আহম্মেদ (২৮)-কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোবারক বেপারী ও হাসমত মিয়ার বিরুদ্ধে পৃথকভাবে দুটি করে মাদক মামলা রয়েছে। এছাড়া মিজানুর রহমানের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.