প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ৬:০৬ পি.এম
আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৫ জুয়ারী গ্রেফতার, নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার জুয়ারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড, নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ মে ভোর ৩টা ৪০ মিনিটে আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ তহুর উদ্দিন (৩৩), মোঃ মিজান (৩০), মোঃ ছামান আলী (৩৩), মোঃ শহিদুল ইসলাম (৩২) এবং মোঃ আনোয়ার হোসেন (২৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫ প্যাকেট শক্ত কাগজের তৈরি জুয়া খেলার কার্ড, নগদ ৫ হাজার ৬৮০ টাকা, দুটি মানিব্যাগ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি প্লাস্টিকের পাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কার্ডের মধ্যে ৪টি প্যাকেটে ইংরেজিতে “DON” এবং একটি প্যাকেটে “AMERICA” লেখা ছিল।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.