প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ৯:১১ পি.এম
আশুলিয়ায় একটি পোশাক কারখানায় জিন আতঙ্ক, ৩৩ শ্রমিক অসুস্থ

আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি তৈরী পোশাক কারখানায় জিন আতঙ্কে ৩৩জন শ্রমিক অসুস্থ হয়েছে।অসুস্থ শ্রমিকদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়ছে।
রোববার (১০মে) সকাল থেকেই আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউএজ গ্রুপের একটি কারখানায় এই ঘটনা ঘটে।
সুইং সেকশনের এক শ্রমিক হালিমা খাতুন জানান, গত ৩ দিন আগে বাথরুমে গিয়ে এক নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। এরপর একে একে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত ১৫ জন শ্রমিক। আজকে আবার কয়েক জন অসুস্থ হলে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পারলে একে একে বেশ কয়েকজন শ্রমিক আবারো অসুস্থ হয়ে পরে। তাদের দ্রুত পাশের হাসপাতালে পাঠানো হয়।
অপর এক শ্রমিক আব্দুল জলিল জানান, কয়েক দিন ধরেই কারখানায় এই সমস্যা চলছে। তাই জিন তাড়ানোর জন্য আজকে সকালে কারখানা কর্তৃপক্ষ মিলাদের আয়োজন করে। কিন্তু মিলাদ শেষ হতেই সবদিক থেকে জিনেরা আমাদের উপরে আক্রমণ করে। এতে আমাদের অনেকে অসুস্থ হয়। আমারও সমস্ত শরীরে এখন অনেক বেথা।
আরেক নারী শ্রমিক সুলতানা জানায়, প্রতিদিনের মত আজও সকালে ভালোভাবেই কারখানায় যাই। কোনো সমস্যা মনে হয়নি। কিন্তু মিলাদ শেষ হওয়ার পরেই শরীরে এমন এক ঝাকি অনুভব করলাম যেন চোখ মুখ অন্ধকার হয়ে গেল। এরপর আর কিছু বলতে পারিনা। জ্ঞান ফিরে দেখি হাসপাতালে।
নারী ও শিশু হাসপাতালের সিনিয়র অপারেশন ম্যানেজার মো: হারুন অর রশিদ জানান, সকাল সাড়ে আটটার দিকে নিউএজ গ্রুপের একটি পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ অবস্থায় হাসপাতালে আসেন। তারা প্রায় সবাই মাথা ঘুরানো, চোখে ঝাপসা দেখা, শরীর দুর্বল লাগা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। পরে ৩৩ জনের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কারখানার এক কর্মকর্তা বলেন, এটি আসলেই শ্রমিকদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা কাজ করছে। তাদের ভিতরে জিন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের মধ্য থেকে জিন আতঙ্ক দূর করতে সকালে মিলাদের ব্যবস্থা করি। আজকেও সকালে ৩৩ জন অসুস্থ বোধ করলে আমরা তাদের হাসপাতালে পাঠাই। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। এছাড়া কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি আসলে ঘটনাটি কিভাবে কি হয়েছে বলেও তিনি যোগ করেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.