প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ১২:৫৩ পি.এম
ধামরাইয়ে মাদক ব্যবসার দ্বন্দ্বে কুপিয়ে হত্যা, এলাকা রণক্ষেত্র

ঢাকার ধামরাইয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মাদক ব্যবসায়ীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ফিরোজ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অর্জুনালাই গ্রামের ফিরোজ ও জহিরুল—উভয়েই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ব্যবসার লভ্যাংশ এবং আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।
শনিবার রাতে ওই ঈদগাহ মাঠের কাছে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জহিরুল উত্তেজিত হয়ে তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ফিরোজকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। ফিরোজের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে জহিরুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালের পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। অভিযুক্ত জহিরুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.