প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৮:৪২ পি.এম
সাভার মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

“মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলা বাড়ায় বল” এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সাভার ইয়ুথ অ্যালায়েন্স’র উদ্যোগে “মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের অংশগ্রহণে এবং দর্শকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পৌরসভার ছায়াবীথিতে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
এসময় লায়ন খোরশেদ আলম বলেন, খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্ট তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই, তবে প্রকৃত বিজয়ী সেই, যে খেলাধুলার মাধ্যমে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এসময় তিনি সাভার ইয়ুথ অ্যালায়েন্সকে এমন একটি সুন্দর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান উপস্থিত সকলের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় আরো বক্তব্য রাখেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী দিনেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন দলের খেলোয়াড়দের অংশগ্রহণ, দর্শকদের করতালি এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.