প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:৩৩ পি.এম
ধামরাইয়ে ওজনে তেল কম দিয়ে প্রতারণা, ‘করিম ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা

ধামরাই ঢাকার ধামরাইয়ে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি ও গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘করিম ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় পাম্পের মালিক মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালামপুরের এই পাম্পটিতে দীর্ঘদিন ধরে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল বিক্রির সময় গ্রাহকদের ওজনে কম দেওয়া হচ্ছিল। ভুক্তভোগীদের পক্ষ থেকে এমন একাধিক অভিযোগের ভিত্তিতে ধামরাই উপজেলা প্রশাসন এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, গ্রাহকদের যে পরিমাণ তেল দেওয়ার কথা ছিল, কারচুপির মাধ্যমে তার চেয়ে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছিল। দীর্ঘদিনের এই অনিয়মের সত্যতা মেলায় পাম্প মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, অভিযুক্ত মনির হোসেন ধামরাই উপজেলা তরুণ দলের সভাপতির দায়িত্বে রয়েছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি জানান:গ্রাহকদের স্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জ্বালানি খাতে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাস্ত করা হবে না। এই অভিযানের ফলে অন্যান্য পাম্প মালিকরা সতর্ক হবেন বলে আমরা আশা করছি।
এই অভিযানের ফলে স্থানীয় সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.