প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৫:৪৩ পি.এম
কালবৈশাখীর পূর্বাভাস, ৭ অঞ্চলে সতর্কবার্তা

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেলের মধ্যে দেশের বড় একটি অংশে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাতাসের তীব্রতা অনুযায়ী বিভিন্ন এলাকায় দুই ধরনের সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ৭টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই অস্থায়ী ঝড়ো হাওয়ার সৃষ্টি হচ্ছে। নদীবন্দরগুলোতে অবস্থানরত নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.